সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে দালালের মাধ্যমে গ্রাহকসেবা পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. আব্দুল রাজ্জাককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, সোহাগ নামে এক ব্যক্তি ও অপর এক ব্যক্তি অফিসের দুটি কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজ করছেন। এ সময় তাদের পাশেই নায়েব মো. আব্দুল রাজ্জাককে বসে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগের বাড়ি সদর উপজেলার মেছরা ইউনিয়নের তেঘড়ী গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন। নিজেকে ভূমি অফিস-সংশ্লিষ্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচিত দাবি করে জমি খারিজসহ বিভিন্ন জটিল কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দেন। তবে একাধিক ভুক্তভোগীর অভিযোগ, অর্থ নেওয়ার পর অনেক ক্ষেত্রেই তিনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করেন না এবং পরে যোগাযোগও এড়িয়ে যান।
অভিযোগ রয়েছে, এর আগে তিনি মেছরা ইউনিয়ন ভূমি অফিস ও খোকশাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস এলাকাতেও একইভাবে দালালি কার্যক্রম পরিচালনা করেছেন। বর্তমানে তিনি নিয়মিত বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসে যাতায়াত করেন এবং সদর উপজেলা ভূমি অফিসেও কাজ করেন বলে পরিচয় দিয়ে থাকেন।
এ বিষয়ে বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল রাজ্জাক বলেন, সোহাগ নামে যে ব্যক্তি কম্পিউটারে কাজ করছিলেন, তিনি একজন গ্রাহক। অফিসের একটি কম্পিউটার নষ্ট থাকায় তিনি প্রায় এক ঘণ্টা ধরে কম্পিউটারটি ব্যবহার করেছেন। অপর ব্যক্তি নিজের প্রয়োজনেই কাজ করছিলেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু বলেন, ঘটনার পর মোবাইল কোর্ট পরিচালনা করে সোহাগ নামে ওই ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বাগবাটি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. আব্দুল রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের দাবি, ভূমি অফিস থেকে দালালচক্রের প্রভাব সম্পূর্ণভাবে দূর করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।
পড়ুন: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরানের ২ শীর্ষ নেতাকে হত্যার চেষ্টা ইসরায়েলের
আর/


