দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষে কাজ করা অরাজনৈতিক সংগঠন ‘ছায়া সাংসদ ফাউন্ডেশন’ প্রবাসীদের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধারা যেকোনো শারীরিক সমস্যায় সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ বা টেলিমেডিসিন সেবা নিতে পারবেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের প্যানেলে ৪ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। তারা প্রতিদিন ৫ ঘণ্টা করে প্রবাসীদের স্বাস্থ্যসেবা প্রদানে নিয়োজিত থাকবেন। সেবাগ্রহীতারা অত্যন্ত সহজ প্রক্রিয়ায় এই সুবিধা গ্রহণ করতে পারবেন। ছায়া সাংসদ ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেজ যা “ছায়া সাংসদ ফাউন্ডেশন” নামে আছে, সেখানে মেসেজ পাঠিয়ে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ে ভিডিও বা অডিও কলের মাধ্যমে প্রবাসীরা তাদের অসুস্থতার বিষয়ে সরাসরি ডাক্তারদের সাথে কথা বলতে পারবেন এবং পরামর্শ নিতে পারবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি কোনো খরচ ছাড়াই সম্পন্ন হবে।
ছায়া সাংসদ ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনে ৩০০ জন সচেতন নাগরিককে ‘ছায়া সাংসদ’ হিসেবে যুক্ত করা। এই ছায়া সাংসদগণ নিজ নিজ এলাকার বর্তমান এমপির (MP) কার্যক্রম পর্যবেক্ষণ করবেন এবং এলাকার উন্নয়নে তথ্যভিত্তিক গবেষণা ও বিকল্প নীতিনির্ধারণী প্রস্তাব তৈরি করবেন। মূলত বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নীতি নির্ধারণে সক্রিয় নাগরিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে এই সংগঠন। সংগঠনের মূল ভিশন হলো একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তাদের মিশন হলো প্রতিটি সংসদীয় আসনে নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম পর্যবেক্ষণ করা, গবেষণার মাধ্যমে বিকল্প জনবান্ধব নীতি প্রস্তাব করা এবং প্রয়োজনে নিজস্ব তহবিল থেকে সরাসরি উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা। প্রবাসীদের এই স্বাস্থ্যসেবা মূলত সেই বৃহৎ জনকল্যাণমূলক পরিকল্পনারই একটি অংশ।
সংগঠনটির কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য একটি শক্তিশালী কমিটি কাজ করছে। বর্তমানে ফাউন্ডেশনের দায়িত্বশীল পদে রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ খান, প্রধান উপদেষ্টা ও নির্বাহী মাহমুদ হাছান, সাংগঠনিক সম্পাদক এবাদুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা একরাম হোসেন, গণমাধ্যম ও যোগাযোগ উপদেষ্টা মো: সালমান ফারসী সিয়াম, অর্থ বিষয়ক উপদেষ্টা হারুন অর রশিদ, মহাসচিব মুয়িদ মুহম্মদ ফাহিম, এছাড়াও কমিটিতে আরও রয়েছেন জান্নাতুল ফেরদোস, মো: ইসমাইল মন্ডল, মো: শরিফুল ইসলাম এবং আইটি ও ডিজিটাল বিভাগে রয়েছেন মো: বদরুজ্জামান, মোহাম্মদ রবিউল হোসেন রাকিব ও মো: আবুল হাসান।
সংগঠনটির চেয়ারম্যান মুঈদ খান জানান, “প্রবাসীরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড, অথচ বিদেশে অনেক সময় তারা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই ছায়া সাংসদ ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই আমাদের ডাক্তারদের মাধ্যমে তারা যেন প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রবাসে থেকেই পেতে পারেন।”
আগামীতে এই সেবা ২৪ ঘণ্টায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।


