জামালপুরে বিস্ফোরক মামলায় স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে এসে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতিসহ ১০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) বিচারক মোস্তাফিজুর রহমানের বিচারাধীন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডলসহ আরও কয়েকজন নেতাকর্মী।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় ঘটে যাওয়া একটি বিস্ফোরক মামলায় স্থানীয় মো. হাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১২৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২২০ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে ইসলামপুর থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এর পরিপ্রেক্ষিতে রোববার ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে দেন।
আইনজীবীরা জানিয়েছেন, মামলার অভিযোগের গুরুত্ব বিবেচনায় আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


