ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রায়হানকে আশ্রয় দেওয়া ও তাঁর ব্যবহৃত অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দিনগত গভীর রাতে ভূজপুর থানা এলাকার পাহাড়বেষ্টিত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূজপুর থানা পুলিশের একটি দল উপজেলার সুয়াবিলসহ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ধারাবাহিক অভিযানের একপর্যায়ে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। পরে সেখান থেকে শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত একটি পিস্তল, অন্য একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম সৌরভ (২১), মো. এমরান হোসেন মাসুদ (২৩), মো. এখতিয়ার ফরহাদ (২০) ও মো. মহরম আলী (২৮)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী রায়হানকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। পাশাপাশি তাঁর ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভূজপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ‘গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জেলা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন