ব্যালটে সিল মারার ঘটনায় আলোচিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাবের আহমদ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকবেন না।
জানা গেছে, গত ২৫ মার্চ চট্টগ্রাম আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেন। পরে ওই হলফনামা স্থানীয় একটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।
হলফনামায় ছাবের আহমদ উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদে ছিলেন। তবে তিনি দাবি করেন, পদটি তিনি নিজে গ্রহণ করেননি; জেলা পর্যায়ের নেতারা তাকে দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া তিনি সক্রিয় রাজনীতিতে কখনো অংশ নেননি বলেও উল্লেখ করেন।
শারীরিক অসুস্থতা ও মানসিক ক্লান্তির কারণে দলীয় দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব নয় উল্লেখ করে তিনি স্বেচ্ছায় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের শৌচাগারে ঢুকে নৌকা প্রতীকে বিপুলসংখ্যক ব্যালটে সিল মারার সময় বিজিবির হাতে আটক হন ছাবের আহমদ। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পান।
২০২২ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আবার চেয়ারম্যান হন তিনি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।
এ বিষয়ে ছাবের আহমদ বলেন, তিনি আর কোনো রাজনৈতিক দল করবেন না, তবে সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন।
পড়ুন:চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে দেওয়া হবে জ্বালানি তেল
দেখুন:গাজীপুরে জ্বালানি তেল মজুতকারীদের কঠোর হুশিয়ারি দিলেন এমপি রনি |
ইমি/


