ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন। নিহত সুবল চন্দ্র দাস (৫৫) উপজেলার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত হিরালাল চন্দ্র দাস। পৌরশহরের সড়কবাজার এলাকায় তাঁর একটি লণ্ডি দোকান ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস। সেখান থেকে একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর ভাই মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
আর/


