ক্ষমতাসীন দল বিএনপি’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সারা দেশে অবৈধ দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার কার্যক্রমের আওতাধীন গাজীপুরের গুরুত্বপূর্ণ চিলাই খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর তিতাস গেট এলাকায় প্রায় ৬কিলোমিটার চিলাই খালে মাটি কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর মহানগরের আওতায় মোট ১৯টি খাল রয়েছে। আজ চিলাই খাল খননের কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি খাল পুনঃখনন করা হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালগুলোর পানি যাতে স্বাভাবিক ভাবে প্রবাহ হয় এবিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে অগ্রাধিকার ভিত্তিতে যেসব উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, খাল পুনঃখনন তার মধ্যে অন্যতম। চিলাই খাল মহানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এটিকে দ্রুত সংস্কার করে একটি দৃষ্টিনন্দন খালে রূপান্তর করা হবে।
প্রশাসক জানান, আগামী ছয় মাসের মধ্যে খালটির দুই পাশে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, ফুল ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যায়ন করা হবে। পাশাপাশি খালের আশপাশে অবস্থিত কলকারখানার অপরিশোধিত বর্জ্য যাতে খালে পড়তে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নগরীর খালগুলো অবৈধ দখলমুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক করা গেলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমে আসবে।
এছাড়াও জিসিসি’র প্রশাসক নগরীর ব্যস্ততম শহর চান্দনা চৌরস্তা এলাকায় ড্রেনের জমে থাকা ময়লা অপসারণসহ নগরীর বিভিন্ন এলাকার আরসিসি রাস্তা নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
গাজীপুর সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সময় উপস্থিত ছিলেন।
পড়ুন:‘তন্ত্র-মন্ত্র’ দিয়ে তালিকায় আসা মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই: সংসদে মন্ত্রী
দেখুন:ফেরিতে উঠতে গিয়ে যাত্রীসহ বাস উল্টে পড়লো পদ্মায়
ইমি/


