বোতলে তেল না দেওয়ায় নাটোর পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনের শানু রায় নামে এক কর্মচারীর উপর দুবৃত্তের হামলার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। আহত শানুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নাটোর শহরের উত্তর চৌকিড়পাড় এলাকার পার্থ রায়ের ছেলে।
পেট্রোল পাম্পের মালিক মীর হাবিবুল ইসলাম বখতিয়ার জানান, বিকেলে এক যুবক প্লাস্টিকের বোতলে পাম্পে তেল নিতে গেলে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেয় পাম্পের কর্মচারীরা। এরপর রাতে ওই যুবক কাঁপড়ের মধ্যে কাঠের বাটাম লুকিয়ে নিয়ে গিয়ে পাম্পের কর্মচারী শানুর উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শানুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেছেন, সিসিটিভি দেখে হামলাকারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: দুই-তিন সপ্তাহের মধ্যে ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
আর/


