বিজ্ঞাপন

কিরগিজস্তানে ইটভাটায় কাজ করতে গিয়ে আখাউড়ার যুবকের মৃত্যু

কিরগিজস্তানের সোকুলুক শহরে ইটভাটায় কাজ করতে গিয়ে মাটির স্তূপ ধসে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের যুবক আবুল খায়ের (৪২)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার এখন চরম অনিশ্চয়তায়।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে খায়েরের বাড়ির আঙিনা। স্ত্রী হামিদা আক্তার বারবার বিলাপ করে বলছিলেন, “আমার স্বামীকে দেখতে চাই। আমার পুলারে কোলে নিতে পারলো না হের বাপে।”

বিজ্ঞাপন


পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন আবুল খায়ের। ছোটবেলা থেকেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০২৪ সালের জুন মাসে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পাড়ি জমান কিরগিজস্তানে।


বিদেশে যাওয়ার খরচ জোগাতে পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র দেড় শতাংশ জমিও বিক্রি করে দেন তিনি। পাশাপাশি নেন ঋণ। কিন্তু বিদেশে গিয়েও ভাগ্য ফেরেনি খায়েরের।


গত ২০ মার্চ দুপুরে সোকুলুক শহরের একটি ইটভাটায় কাজ করার সময় হঠাৎ মাটির স্তূপ ধসে পড়ে তার ওপর। সহকর্মীরা উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


খায়েরের পরিবার জানায়, এর আগে কিছুদিন সৌদি আরবে কাজ করলেও সেখানে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। প্রায় দেড় বছর দেশে থাকার পর ফেসবুকে বিজ্ঞাপন দেখে ঢাকার বনানীর একটি এজেন্সির মাধ্যমে কিরগিজস্তানে যান।
মাত্র ১৫ মাস বয়সী ছেলে আরহাম জন্মের আগেই বাবাকে হারানোর মতো নিয়তি বরণ করেছে। বাবাকে কখনো সরাসরি ছুঁতে না পারলেও ভিডিও কলে তার সঙ্গে পরিচয় গড়ে উঠছিল। এখন আধো কণ্ঠে “বাবা, বাবা” ডাকলেও সেই ডাকে আর সাড়া মিলবে না।
স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হামিদা আক্তার বলেন, “২০ মার্চ সকালে ফোন করছিল। বলছিল, কাজে যাবে না। পরে আবার ফোন দিয়ে ছেলেরে দেখছে। এরপর বিকেলে ফোন করলে অন্য একজন ধরে জানায়, খায়ের আর নাই।”
খায়েরের বড় ভাই রফিক মিয়া বলেন, “ওর নিজের কিছুই নাই। বিদেশ যাওয়ার জন্য শেষ সম্বলটুকুও বিক্রি করে গেছে। এখন তার বউ-ছেলেকে আমি আমার জায়গায় থাকতে দিছি।”


পরিবারের সদস্যরা জানান, আগামী শনিবার বা রোববারের মধ্যে আবুল খায়েরের মরদেহ দেশে আনা হতে পারে। তবে পরিবারের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—কীভাবে চলবে তাদের ভবিষ্যৎ জীবন।

পড়ুন- আগামী ৪ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

দেখুন- জামালপুরে অধিকাংশ পাম্প বন্ধ, লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন