বিজ্ঞাপন

সুনামগঞ্জে টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে মজুদ ২,০৮০ লিটার ডিজেল উদ্ধার

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিবুর রহমান। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযানে অংশ নেয়।

‎অভিযান চলাকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ২,০৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ডিজেল যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এসব কার্যক্রম প্রতিরোধে সরকারের নির্দেশনায় দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

‎এরই অংশ হিসেবে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে প্রায় ১.৫ প্লাটুন বিজিবি সদস্য অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সীমান্ত এলাকায় টহল, চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে ৩টি এলসি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই সুযোগে একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এসব কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে, যা চলমান অভিযানেরই অংশ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন- রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

দেখুন- ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ই-স-রা-য়ে-ল! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন