দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিঠিতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো তুলে ধরা হয়েছে।
আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠি হস্তান্তর করেন।
এ ছাড়া বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর বৈদেশিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পড়ুন: এলপি গ্যাসের দাম বাড়বে কি না, জানা যাবে আজ
আর/


