চট্টগ্রামের মিরসরাই উপজেলার মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবে আলম হযরত শাহ গোলাম রহমান এছমতী (রহ.)-এর ৬৫তম ওরশ মোবারক ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ফজরের নামাজের পর শুরু হয়ে বাদ যোহর পর্যন্ত এ মাহফিল চলে।
ওরশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমামে আহলে সুন্নাত, শায়খুল হাদিস, পীরে হক্কানী, একুশে পদকপ্রাপ্ত আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
মাহফিলে প্রধান বক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব সুন্নী আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত।
এছাড়া উপস্থিত ছিলেন আল্লামা বারাকাত শাহ নিজামী ও আল্লামা মাসুদুর রহমান নিজামীসহ দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ।
বক্তব্যে আল্লামা ইমাম হায়াত বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত, জ্ঞান ও কল্যাণের উৎস। তাঁর দিশা ব্যতীত মানবতা, ন্যায় ও শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। মহানবীর আদর্শ অনুসরণেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
পড়ুন- আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার


