ইরানের কারাজ শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কারাজের নিকটবর্তী ‘বি-১’ নামে পরিচিত একটি সেতু লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে অন্তত ৮ জন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আলবোরজ প্রদেশের কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, হামলায় সেতুর মধ্যভাগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, সেতুটি মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু সেতু।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক অবকাঠামোর ওপর হামলা ‘নৈতিক পতনের’ প্রতিফলন এবং এর মাধ্যমে ইরানকে দমিয়ে রাখা যাবে না।
প্রতিবেদনে আরও বলা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পরিবহন সেতুতে একাধিক দফায় হামলা চালানো হয়, যার ফলে এর বড় একটি অংশ ধসে পড়ে।


