জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যেই দোকানপাট বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তবে নির্দেশনা উপেক্ষা করে সন্ধ্যার পরেও রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল ও দোকানপাটে চলছে বেচাকেনা।
সন্ধ্যা ৬টার পর দেখা গেছে স্বাভাবিকভাবেই চলছে নিউ মার্কেট। মালিক সমিতি থেকে আসেনি কোনো নির্দেশনা। ক্রেতাদের আনাগোনায় মার্কেটের সব লাইট জ্বালিয়েই চলছে বেচাকেনা।
রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকায় তা বাস্তবায়নে গড়িমসি দেখা গেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে, বন্ধ রয়েছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান।
আজ শুক্রবার (৩ এপ্রিল) মিরপুর ১২ নম্বরের রমজাননেছা সুপার মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় জুতা ও পোশাকের বেশ কয়েকটি দোকান সন্ধ্যার পরও খোলা দেখা যায়।
তবে ক্রেতা বিক্রেতা উভয়ই জানান জ্বালানি সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক। সন্ধ্যা ৬টার মধ্যে মার্কেট বন্ধ হলে অফিস টাইম অনুযায়ী আগেই মার্কেটে আসবেন বলে জানান ক্রেতারা।
আর ব্যবসায়ীরা বলেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা। এখন পর্যন্ত মার্কেট বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা না পেলেও পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত ৮টা করার আহ্বান জানান অনেকে ব্যাবসায়ী।
মোল্লা সুপার মার্কেট ও হাজী কুজরত আলী মার্কেটেও একই চিত্র দেখা গেছে। কুজরত আলী সুপার মার্কেটের নিচতলায় সামিরা ক্রোকারিজের মালিক আমিনুল ইসলাম বলেন, আমরা ৬টায় বন্ধ করবো। ৬টায় বন্ধের নির্দেশনা পেয়েছি। তবে ৬টার পরও দোকানটি খোলা ছিল।
এছাড়া সাফুরা ট্রেড সিটি, সুলতান ম্যানশন, সুজাত ম্যানশন ও নূর মোল্লা এভিনিউ মার্কেটেও সন্ধ্যার পর ক্রেতাদের উপস্থিতি এবং দোকান খোলা রাখতে দেখা গেছে।
এদিকে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি জানিয়েছে, জ্বালানি সাশ্রয়ে সহায়তার অংশ হিসেবে তারা রাত ৮টার মধ্যে সব দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান এ তথ্য জানান।
পড়ুন : অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়


