দিনাজপুরের হাকিমপুরে বিয়ে প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং প্রতারণার অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) পুলিশ আটক করেছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে হাকিমপুর প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়।
ডা. শফিউল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর থানার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। বর্তমানে তিনি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসে ভেটেরিনারি সার্জন হিসেবে কর্মরত রয়েছেন।
ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামী মো. ওহেদুল ইসলাম (৪০) অসুস্থ থাকায় চিকিৎসার জন্য পরিচয় ঘটে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে। চিকিৎসা চলাকালীন মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে তাদের কথাবার্তা ঘনিষ্ঠ হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত কর্মকর্তা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এসব সম্পর্ক বিভিন্ন সময়ে অভিযুক্ত কর্মকর্তার সরকারি কোয়ার্টারে ঘটে। পরে ভুক্তভোগী জানান, অভিযুক্ত কর্মকর্তা তাকে স্বামীর সঙ্গে বিচ্ছেদের জন্য চাপ দেয়।
ভুক্তভোগী অভিযোগে , ৫ অক্টোবর ২০২৫ তারিখে তিনি স্বামীকে তালাক দেন। পরে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্ত কর্মকর্তা তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন এবং একই দিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপরও তাদের মধ্যে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক চলে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভুক্তভোগী পোস্ট অফিসের নোটিশের মাধ্যমে জানতে পারেন, অভিযুক্ত কর্মকর্তা ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাকে তালাক দিয়েছেন।
ভুক্তভোগী শুক্রবার সকালে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য হাকিমপুর থেকে বিরামপুর যাচ্ছিলেন। এসময় হাকিমপুর পৌরসভার চারমাথা মোড়ে অভিযুক্ত কর্মকর্তা ফোন করে তাকে অফিসে আসতে বলেন। সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে ভুক্তভোগী হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর গ্রামস্থ (শান্তির মোড়) উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পশু হাসপাতালের সামনে গেলে অভিযুক্ত কর্মকর্তা তাকে অফিস কক্ষে নিয়ে যান।
সেখানে তিনি অভিযোগ করেছেন, অভিযুক্ত কর্মকর্তা পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও যৌন ভিডিও সংক্রান্ত অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করা হবে।
পড়ুন- যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধবিমান ভূপাতিত, পড়েছে হরমুজ প্রণালির কাছে
দেখুন- সুন্দরবনে অভিযানে অপহৃত জেলে উদ্ধার, অ/স্ত্রসহ ২ ডাকাত আটক


