কিশোরগঞ্জে হাম রোগ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম জোরদার করেছে সিভিল সার্জনের কার্যালয়। শনিবার (৪ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি চালু থাকলেও কিশোরগঞ্জ জেলা ঝুঁকিপূর্ণ তালিকার অন্তর্ভুক্ত নয়। ফলে জেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি পূর্বের মতোই চালু রয়েছে।
এর পাশাপাশি বাদ পড়া (ড্রপ-আউট) শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে সন্দেহজনক হাম রোগী শনাক্তকরণ, প্রয়োজনীয় আইসোলেশন, চিকিৎসা ও পরামর্শ প্রদান কার্যক্রমও জোরদার করা হয়েছে।
হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল প্রদান কার্যক্রমও জোরদার করা হয়েছে বলে জানানো হয়। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা, ভিটামিন-এ সরবরাহ এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রেফারেল ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। বিশেষ টিকাদান কার্যক্রমের টিকা পাওয়া গেলে তালিকা অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করা হবে।
সিভিল সার্জনের পক্ষ থেকে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করতে এবং প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে।
পড়ুন : কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত অন্তত ৪০


