ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, শনিবার বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। পরে রোববার দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই হাজার ৭১৬টি উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা।
তিনি জানান, শাড়িগুলো একটি পরিত্যক্ত ঘরে মজুত করা ছিল। অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পড়ুন:মেহেরপুরে কৃষি প্রণোদনা বিতরণ
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


