চট্টগ্রামের পটিয়ায় রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে আসামীর ছবি সংবলিত একটি আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট, কালো হাতল বিশিষ্ট সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ড, ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন এবং একটি আইটেল বাটন মোবাইল সেট জব্দ করা হয়। জব্দকৃত আইডি কার্ডে ইংরেজিতে “CSF Chairperson’s Security Force, ID No-013, Riyed Selim” লেখা ছিল।
পুলিশ জানায়, “Lion Riyadh Selim” নামে তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের শীর্ষ ব্যক্তিসহ মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি পোস্ট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেন। প্রাথমিকভাবে এসব ছবি এআই প্রযুক্তিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র তৈরি করে তদবির বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার কামরুল হাসান নামে এক ব্যক্তি গ্রেফতার হয়ে জেলহাজতে থাকাকালে তার স্ত্রীর কাছে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দেন রিয়াদ। এ সময় প্রথমে বিকাশে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে সরাসরি আরও ২ লাখ টাকা নেন তিনি। এ অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের পিসিপিআর বিশ্লেষণে দেখা যায়, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে ধর্ষণ ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়া পেন্ডিং ওয়ারেন্ট থাকার তথ্যও পাওয়া গেছে।
অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণে আরও জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ করার তথ্যও পেয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়ে বিপুল সংখ্যক মানুষকে ঠকিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
পড়ুন : পটিয়ার নববর্ষ কমিটি ঘিরে বিতর্ক—সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়


