ধর্ম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ এই জামিনের আদেশ দেন।
এ বিষয়ে আবুল সরকারের আইনজীবী, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি জামিনযোগ্য হওয়ায় আদালত আবুল সরকারকে জামিন দিয়েছেন। একই সঙ্গে আদালত তাকে স্থায়ী জামিন দেওয়ার বিষয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে।
উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন, ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন।
মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫ (ক) ধারায় ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। পরে তাকে গ্রেপ্তার করে ওই দিন সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়, যেখানে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে ১ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ধর্ম অবমাননার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ডা. মো. মাহফুজুর রহমান, যিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা সার্জারি বিভাগের অধ্যাপক। মামলার অভিযোগে বলা হয়, আবুল সরকার মানিকগঞ্জের একটি মেলার মঞ্চে পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে অশ্রদ্ধা ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
পড়ুন: হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: আইআরজিসি
আর/


