বিজ্ঞাপন

শেষ মুহূর্তে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়ের ঢাকায় অনুষ্ঠিতব্য বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ২৬ জুন রাজধানীতে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরুর মাত্র একদিন আগে স্থগিতের ঘোষণা আসে।

কলকাতা থেকে অনুপম রায়ের ব্যান্ড ম্যানেজার রানা সিংহ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, অনুমতি না পাওয়ার কারণেই কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক বিবৃতিতে জানায়, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছিল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনার পর অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করার চেষ্টা করা হবে। যদি নতুন তারিখ নির্ধারণ সম্ভব না হয়, তাহলে টিকিটধারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হবে। যারা টিকিটের মূল্য ফেরত নিতে আগ্রহী, তাদের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্টের। আয়োজনে অনুপম রায় ও তাঁর ব্যান্ডের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল বেঙ্গল সিম্ফনিরও পরিবেশনার কথা ছিল।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন