গত এক মাসেরও বেশি সময় ধরে চলমান ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনা শিগগিরই ৪৫ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে হ্রাস পেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস সোমবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
মার্চের শেষ দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের ডেডলাইন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর এবং হরমুজ প্রণালী অবরোধ প্রত্যাহারের জন্য। ডেডলাইনটি আজ সোমবার শেষ হচ্ছে। এছাড়া রোববার তিনি ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি অবরোধ প্রত্যাহার না করে এবং সমঝোতায় না আসে, তাহলে “দেশটির সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।”
তবে সূত্রগুলো জানিয়েছে, এই কঠোর ডেডলাইন মেনে নেবে ইরান—এর সম্ভাবনা কম। বরং ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি যুদ্ধের উত্তেজনা নাটকীয়ভাবে কমাতে পারে। প্রথম স্তরে এই বিরতি চলাকালীন তিন দেশ—ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—পরস্পরের ওপর হামলা থেকে বিরত থাকবে। একই সময়ে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে ইরানের সঙ্গে “গভীর আলোচনা” চলছে এবং ডেডলাইন পেরোনোর আগেই আলোচনার ফলাফল আশা করছেন। তিনি বলেন, “ইরানের সামনে একটি ভালো সুযোগ আছে, কিন্তু যদি তারা কোনো সমঝোতায় না আসে— আমি তাদের সবকিছু উড়িয়ে দেব।”
সূত্র: এক্সিওস


