জামালপুরের ইসলামপুর উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত মামলায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। শুনানি শেষে আদালত একজনকে বেকসুর খালাস দিলেও বাকি চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক এ আদেশ দেন।
কারাগারে পাঠানো চারজন হলেন—ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া, সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডিজে বাবু, পৌর যুবলীগের সদস্য উজ্জ্বল এবং পার্থশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল মেম্বার।
আদালত সূত্রে জানা গেছে, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে একজন আসামিকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়।
এদিকে মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে, যার অংশ হিসেবে এ ধরনের বিচারিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
পড়ুন- সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস


