গাজীপুরের শ্রীপুরে পুলিশ ও গাড়ি চালকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ চালকরা। এতে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
বুধবার (০৮ এপ্রিল) বিকেল থেকে শ্রীপুরের জৈনা বাজার এলাকার চিত্র ছিল এটি। ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারিতে তৈরি হয় তীব্র যানজট।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক সচল করতে যানবাহন সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। অভিযোগ উঠেছে, এ নিয়ে পুলিশের সঙ্গে চালকদের কথা কাটাকাটির একপর্যায়ে এক চালককে মারধর করা হয়। এরই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে চালকরা মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। এতে মুহূর্তেই স্থবির হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রুট। সড়কের দুই পাশে আটকা পড়ে কয়েক শ’ যানবাহন।
পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলে অবরোধ তুলে নেন চালকরা। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পড়ুন- বগুড়ায় জামায়াতের নারী নেতাকর্মীদের নির্বাচন কার্যালয় ঘেরাও
দেখুন- আমাকে তরুণ দেখালেও আমার বয়স হয়েছে, সংসদে রুমিনকে স্বাস্থ্যমন্ত্রী


