সিরাজগঞ্জে উল্লাপাড়া, সলঙ্গা সাহেবগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১)(ক) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্র্যান তেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল প্রতি লিটার ৯৬.৩৯ টাকা এবং মবিল প্রতি লিটার ২৫০ টাকা দরে পাশ্ববর্তী একটি সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়।
এছাড়া জব্দ করা ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্র্যান তেল সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের জিম্মায় রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: সংসদে নারায়ণগঞ্জ-বরিশাল-ময়মনসিংহ-কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস


