দীর্ঘ প্রেম থেকে জমকালো বিয়ে, গ্ল্যামারের আড়ালে ভাঙনের গল্প

বিনোদন জগতের তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই তুঙ্গে। প্রেম, বিয়ে কিংবা সম্পর্কের নানা বাঁক তাই সহজেই উঠে আসে আলোচনায়। বিশেষ করে প্রিয় তারকার জমকালো বিয়ের পর যখন বিচ্ছেদের খবর আসে, তখন তা ভক্তদের জন্য হয়ে ওঠে বড় ধাক্কা।

বিজ্ঞাপন

পর্দার ঝলমলে আলো আর হাসিমুখের আড়ালে অবশ্য সব সম্পর্কের গল্প এক নয়। কোথাও দীর্ঘদিনের প্রেমের পর সংসার ভেঙেছে, কোথাও অল্প সময়ের দাম্পত্যের ইতি ঘটেছে। আবার কোনো কোনো জুটির বিচ্ছেদ প্রকাশ্যে এসেছে পারস্পরিক অভিযোগের মধ্য দিয়ে। বিপরীতে কেউ কেউ সম্পর্কের শেষটুকুতেও একে অপরের প্রতি শ্রদ্ধা ধরে রেখেছেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিনোদন অঙ্গনে আলোচিত কয়েকটি বিচ্ছেদের গল্প আবারও সামনে এনেছে তারকাদের ব্যক্তিজীবনের এই ভিন্ন বাস্তবতাকে।

প্রীতম ও শেহতাজ: এক দশকের সম্পর্কের পর আলাদা পথ

২০২৬ সালের বিনোদন অঙ্গনে আলোচিত বিচ্ছেদের ঘটনাগুলোর মধ্যে অন্যতম সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমের সম্পর্কের ইতি। দীর্ঘ ১০ বছরের পথচলার পর ৪ অক্টোবর তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা জানান।

২০১৭ সালে প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক ভিডিওতে শেহতাজ মডেল হিসেবে কাজ করার সময় তাদের পরিচয়। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

তবে সম্পর্কের এই সমাপ্তি হঠাৎ করে আসেনি। দুই পরিবারের সম্মতি এবং দীর্ঘদিনের পারস্পরিক আলোচনার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রীতম ও শেহতাজ জানান— “সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া আমাদের দুজনের জন্যই ভালো হবে।”

বিচ্ছেদের মতো কঠিন সময়েও একে অপরকে দোষারোপ না করে শ্রদ্ধার সঙ্গে বিষয়টি সামনে আনার বিষয়টি ভক্তদের নজর কেড়েছে। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তাহসান-মিথিলা: দুই দাম্পত্যেরই শেষ বিচ্ছেদে

সংগীত ও অভিনয়জগতের পরিচিত মুখ তাহসান রহমান খান। ক্যারিয়ারের পাশাপাশি তার ব্যক্তিজীবনও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশেষ করে দুটি দাম্পত্যের পরিণতি তাকে আলোচনার কেন্দ্রে এনেছে।

২০০৬ সালে মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। দীর্ঘ ১১ বছরের সংসারের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেই সময় শোবিজের আলোচিত এই জুটির বিচ্ছেদের খবর ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে।

বিচ্ছেদের পরও একমাত্র কন্যাসন্তান আইরার সহ-অভিভাবক হিসেবে তারা সম্পর্ক বজায় রেখেছেন।

মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর ২০২৫ সালের ৪ জানুয়ারি নিউ ইয়র্কপ্রবাসী পেশাদার বিউটিশিয়ান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। কিন্তু সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৬ সালের ১০ জানুয়ারি তাহসান নিজেই সংবাদমাধ্যমকে জানান, তারা আর একসঙ্গে নেই। ২০২৫ সালের জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা বসবাস করছিলেন বলে জানা যায়। দূরত্বের কারণে শেষ পর্যন্ত তাদের সম্পর্কেরও ইতি ঘটে।

পরীমনি ও শরিফুল রাজ: সম্পর্কের ভাঙনে প্রকাশ্য দ্বন্দ্ব

ঢাকাই চলচ্চিত্রে আলোচিত বিচ্ছেদের প্রসঙ্গ উঠলে পরীমনি ও শরিফুল রাজের নামও সামনে আসে। তাদের সম্পর্কের শুরু যেমন ছিল দ্রুত, তেমনি দাম্পত্যের ভাঙনও তৈরি করেছিল ব্যাপক আলোচনা।

২০২১ সালে গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং সেটে পরিচয়ের মাত্র সাত দিনের মধ্যে গোপনে বিয়ে করেন রাজ ও পরীমনি। ২০২২ সালের জানুয়ারিতে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। একই বছরের আগস্টে তাদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

তবে বিয়ের এক বছরের মধ্যেই তাদের দাম্পত্যের টানাপোড়েন প্রকাশ্যে আসতে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে নানা অভিযোগও সামনে আসে। এ নিয়ে শোবিজ অঙ্গনে তৈরি হয় ব্যাপক আলোচনা।

শেষ পর্যন্ত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পরীমনি রাজকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নোটিশ পাঠান। তাদের সম্পর্কের ভাঙন দীর্ঘ সময় ধরে বিনোদন অঙ্গনের আলোচিত বিষয় হয়ে ছিল।

শবনম ফারিয়া ও জাকিয়া বারী মম: স্বল্পস্থায়ী দাম্পত্যের ইতি

দাম্পত্য ভাঙনের তালিকায় রয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমও।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেন শবনম ফারিয়া। তবে দাম্পত্য জীবনে বোঝাপড়ার অমিল দেখা দেওয়ায় এক বছর নয় মাসের মাথায়, ২০২০ সালের নভেম্বরে পারস্পরিক সমঝোতায় ডিভোর্স পেপারে সই করেন তারা।

অন্যদিকে নাট্য নির্মাতা শিহাব শাহীনকে ২০১৫ সালে গোপনে বিয়ে করেছিলেন জাকিয়া বারী মম। ২০১৯ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তবে পরের বছর, ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করেন তারা।

তারকাদের বিচ্ছেদের ধরনও যেন সময়ের সঙ্গে বদলেছে। একসময় সম্পর্কের সমাপ্তি মানেই ছিল প্রকাশ্যে অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য কিংবা দীর্ঘস্থায়ী বিরোধের গল্প। এখন সেই চিত্রে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে।

কেউ বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন, কেউ আবার ব্যক্তিগত বিষয়কে ব্যক্তিগত রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত জানাচ্ছেন। প্রীতম-শেহতাজের মতো জুটি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সময়ও পারস্পরিক শ্রদ্ধার জায়গাটি ধরে রাখছেন। আবার তাহসান-মিথিলার মতো সাবেক দম্পতিও বিচ্ছেদের পর সন্তানের সহ-অভিভাবক হিসেবে সম্পর্ক বজায় রাখার উদাহরণ তৈরি করেছেন।

তারকাদের সম্পর্ক তাই শুধু প্রেম, বিয়ে আর বিচ্ছেদের খবরেই সীমাবদ্ধ নয়। আলো-ঝলমলে জীবনের আড়ালে থাকা বোঝাপড়া, দূরত্ব, সিদ্ধান্ত এবং সম্পর্কের শেষটুকুও তাদের ব্যক্তিজীবনের বাস্তবতার অংশ হয়ে উঠছে।

পড়ুন: নতুন পথে প্রীতম ও শেহতাজ, শেষ হচ্ছে দাম্পত্য সম্পর্ক

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন