পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় জুয়া বিরোধী অভিযানে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ২ জন জুয়ারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১০ এপ্রিল (শুক্রবার) রাতে তেঁতুলিয়া থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। উপ পরিদর্শক আঃ মালেকের নেতৃত্বে অভিযানে তেতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২শ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করে। পরে রাতেই তাদের হাতকড়া পরিয়ে তেতুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে রাতের আধারে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তেঁতুলিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, গতকাল অভিযানে ৬ জুয়ারি কে আটক করা হয়েছে। এসময় ৮ জন জুয়ারু আটকের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি থানায় গিয়ে সাক্ষাতে কথা বলতে বলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ৮ জন জুয়ারু আটক করে ৬ জনকে আদালতে প্রেরন করার বিষয় আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো।
পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক : আলোচনায় থাকছে যেসব বিষয়
দেখুন- ‘কিছু না বুঝে হ্যাঁ বললে অপরাধ, না বুঝে না বললেও অপরাধ’


