নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বন্দর কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন নেহাল সরদারবাগ এলাকার রুবেল মিয়া (৩০) এবং ফুলহর এলাকার মাজহারুল ইসলাম (৩২)।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ পরিদর্শক মো. আনিসুর রহমান শিবলী সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও অনুসন্ধানের ভিত্তিতে গত বছরের ডিসেম্বর মাসে মদনপুর এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

