জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম উত্তর জেলার ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে সীতাকুণ্ড পৌর সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় অমান্য এবং তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশের আগে বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে পৌর সদরে সমবেত হন। পরে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহেরের পরিচালনায় এবং চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা বাস্তবায়নে গড়িমসি জনগণের প্রত্যাশার সাথে প্রতারণার শামিল। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ইউসুফ বিন আবু বক্কর, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এবং মিরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির। তারা বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। অন্যথায় গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে সংশ্লিষ্ট মহল ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সমাবেশে সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কর্মসূচিতে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পড়ুন- পিরোজপুরে তরমুজের ব্যাপক ফলন, তবুও দুশ্চিন্তায় চাষীরা


