চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে সন্ধ্যার পর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৈশাখী মেলা, দোকানপাট, শপিংমল ও বাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতেই এ পদক্ষেপ নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৭টার পর খোলা থাকা মেলা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পোস্ট অফিস এলাকা, থানার মোড় এবং পটিয়া মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলাকে কেন্দ্র করে পরিচালিত হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মেলা কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, পটিয়া মাঠে অনুষ্ঠিত বৈশাখী মেলা নির্ধারিত সময় অমান্য করে রাত পর্যন্ত চলার অভিযোগে সমালোচনা তৈরি হয়। এ বিষয়ে শুক্রবার নাগরিক টিভিতে সংবাদ প্রচারের পর উপজেলা প্রশাসন তৎপর হয়ে এ অভিযান পরিচালনা করে।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন : হাটহাজারীতে ভোজ্যতেল মজুদবিরোধী যৌথ অভিযান ১ লাখ টাকা জরিমানা


