পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরকে ঘিরে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা (মেডিকেল) ও ব্যবসায়ী (বিজনেস) ভিসা চালু করতে পারে ভারত।
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
তিনি জানান, বৈঠকে ভিসা ইস্যুতে অগ্রগতি হয়েছে এবং বাংলাদেশ মেডিকেল ও বিজনেস ভিসা দ্রুত চালুর বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে ইতিবাচক সাড়া পাওয়া যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে তা আরও নিম্নগামী হয়।
তবে হুমায়ূন কবির মনে করেন, উভয় দেশের মধ্যে ইতিবাচক মনোভাব থাকলে সম্পর্কের উন্নয়ন সম্ভব। তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পড়ুন: পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র্যাব ডিজি
আর/


