পহেলা বৈশাখে ভিন্নধর্মী আয়োজনে আখাউড়ার একদল সাংবাদিক সময় কাটিয়েছেন বেদে পরিবারের সঙ্গে। আনন্দ ভাগাভাগির পাশাপাশি তাদের জীবন যাপন সংগ্রামের কথাও শুনেছেন তারা।
সোমবার দুপুরে আখাউড়া প্রেস ক্লাবের উদ্যোগে বাইপাস এলাকার অস্থায়ী বেদে পল্লীতে এ আয়োজন করা হয়। সেখানে গিয়ে সাংবাদিকরা প্রায় এক ঘণ্টার বেশি সময় কাটান বেদে পরিবারের সদস্যদের সঙ্গে।
সাংবাদিকদের আগমনে প্রথমে কিছুটা কৌতূহল তৈরি হয় বেদে পরিবারের মধ্যে। কয়েকজন বেদে নিজেদের মধ্যে আলোচনা করে অতিথিদের বসার ব্যবস্থা করতে চান। তবে সাংবাদিকরা জানান, তারা বসতে নয়, বরং বৈশাখের আনন্দ ভাগ করে নিতে এসেছেন।
এরপর বেদে সর্দার একটি কালো রঙের বিষধর সাপ বের করে আনেন। আরও দুটি সাপ এনে দেখানো হয় সাপ খেলা। কেউ কেউ দূর থেকে দেখলেও, কয়েকজন সাংবাদিক সাহস করে ভিডিও ও ছবি ধারণ করেন।
আয়োজনের অংশ হিসেবে বেদে পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ১২টি পরিবারের প্রায় ৪০ জন সদস্য এতে অংশ নেন। তাদের পছন্দ অনুযায়ী খাবার কিনে দেওয়া হয় এবং সেখানেই রান্না করা হয়।
বেদে সদস্য মো. রাসেল বলেন, “আমাদের খুব ভালো লাগছে। সাংবাদিকরা আমাদের জন্য খাবারের আয়োজন করেছে। আমরা নিজেরা রান্না করে খেয়েছি।”
বেদে সর্দার মো. হারুণ বলেন, “পহেলা বৈশাখে সাপ খেলা দেখাতে আমাদের ডাকা হয়। কিন্তু এভাবে কেউ এসে আমাদের জন্য খাবারের আয়োজন করে না। আমরা খুব আনন্দিত। আমাদের কষ্টের কথাও আমরা তাদের জানিয়েছি।”
এ আয়োজনের কথা শুনে সেখানে উপস্থিত হন পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন। তিনি বলেন, “এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই ভালো লেগেছে।”
আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া বলেন, “আমরা লেখালেখির পাশাপাশি সমাজের দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবার মনে হলো বেদে পরিবারের সঙ্গে বৈশাখ উদযাপন করি। সেই ভাবনা থেকেই এ আয়োজন।”
ব্যতিক্রমী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।


