চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে।
নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
কোল্ড স্টোরেজের কর্মীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার মন্ডল তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব চালিয়ে যেতে থাকেন।
পরে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে মাটিতে তুষারকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি সহকর্মীদের মাঝে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
পড়ুন- শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে সুখবর দিলেন প্রতিমন্ত্রী


