সরকার দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।
রোববার (১৯ এপ্রিল) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে আলাদা কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং সরকারের কাছে তাদের দাবি-দাওয়া কার্যকরভাবে উপস্থাপনে এফবিসিসিআই-এর ভূমিকা আরও শক্তিশালী ও সক্রিয় হওয়া প্রয়োজন। প্রয়োজনে ইতিবাচক ও গঠনমূলক চাপ সৃষ্টি করে নীতিগত সহায়তা আদায়ে সংগঠনটিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তবে সংগঠনটিকে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “আমরা এমন একটি এফবিসিসিআই দেখতে চাই, যা প্রকৃত অর্থেই সকল ব্যবসায়ীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” তিনি আরও উল্লেখ করেন, সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়ক শক্তি হিসেবে নীতিনির্ধারণে বাস্তবভিত্তিক মতামত প্রদান করবে।
তিনি বলেন, সংগঠনটিকে আরও গতিশীল ও কার্যকর করতে যোগ্য, দূরদর্শী ও উদ্যমী নেতৃত্ব অপরিহার্য। নেতৃত্ব যেন ব্যবসায়ী সমাজের মধ্য থেকেই উঠে আসে এবং তাদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিও নিশ্চিত করা হবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান বক্তব্য দেন।
এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ আরও অনেকে।
পড়ুন: স্কুল বন্ধ ও অনলাইন ক্লাসের নির্দেশনা চেয়ে রিট, শুনানি কাল
আর/


