অভিনেতা, চলচ্চিত্রকার, নির্দেশক তৌকীর আহমেদের ৬০ বছর পূর্তি উদযাপন ঘিরে হাজির হয়েছিলেন শোবিজের অনেক মানুষ। দিনব্যাপী তৌকীরকে নিয়ে, তার কর্ম ও ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন দেশের নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের গুণীজনেরা। হাজির হয়েছিলেন মামুনুর রশীদ, আবুল হায়াত, আফজাল হোসেন, আজিজুল হাকিম, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, মাহফুজ আহমেদ, আহসান হাবীব নাসিম, মীর সাব্বিরসহ আরও অনেকে।
বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সামনে পিন্টু ঘোষের গানের মধ্যদিয়ে শুরু হয় ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ অনুষ্ঠানটি। জ্যেষ্ঠ শিল্পীরা মঞ্চে উঠে প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের মূল ও প্রথম পর্ব শুরু করতে সবাই গিয়ে জড়ো হন জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে।
শুরু হয় ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার। উপস্থাপনা করেন অভিনেতা রওনক হাসান। প্রবন্ধ পাঠ করেন নাট্যকার মাসুম রেজাসহ আরও অনেকে। এ সময় তৌকীর আহমেদকে নিয়ে একটি প্রামাণ্যচিত্রও দেখানো হয়। ছিল মুক্ত আলোচনাও।
স্মৃতিচারণা ও আলোচনায় শেষ হয় এ পর্ব। বিরতির পর বিকেলে দেখানো হয় তৌকীরের বানানো সিনেমা ‘অজ্ঞাতনামা’। সন্ধ্যায় মঞ্চায়নের জন্য প্রস্তুত ছিল তার নির্দেশিত ও অভিনীত নাটক ‘তীর্থযাত্রী’।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

