যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানের কাছে এটাই ‘শেষ সুযোগ’।। তিনি বলেছেন, যদি ইরান এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটাই উড়িয়ে দেওয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ‘একই ভুল’ করবেন না। উল্লেখ্য, ওবামা প্রশাসন ২০১৫ সালে ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল।
এ সময় তিনি সতর্ক করে বলেন, ইরান চুক্তিতে সম্মত না হলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে, যা সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে। তিনি দাবি করেন, এ ঘটনায় একটি ফরাসি ও একটি যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্যবস্তু ছিল।
এদিকে ট্রাম্প জানান, শান্তি আলোচনার দ্বিতীয় দফায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছে।
তিনি আরও বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিলেও এর ফলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রের তেমন ক্ষতি হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানকে পুনরায় সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘ন্যায্য ও যুক্তিসঙ্গত’ চুক্তির প্রস্তাব দিয়েছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন।
পড়ুন: বাস ভাড়া বাড়বে কি না চূড়ান্ত সিদ্ধান্ত আজ
আর/


