জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে প্রশিক্ষণ নিয়ে জর্ডানে যাওয়ার সুযোগ পেয়েছেন ৬৮ জন নারী প্রশিক্ষণার্থী। তাদের এই কর্মসংস্থানের সুযোগকে ঘিরে আশাবাদ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে সংশ্লিষ্টদের মাঝে।
এ উপলক্ষে গতকাল টিটিসির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রটির অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়েসেলের সাবেক মহাব্যবস্থাপক (যুগ্ম সচিব) এ.বি.এম. আবদুল হালিম। এছাড়া বক্তব্য দেন জর্ডানস্থ ক্লাসিক ফ্যাশনের সিনিয়র প্রোডাকশন ম্যানেজার স্বপন মাতব্বরসহ সংশ্লিষ্টরা।
সভায় জানানো হয়, জর্ডানভিত্তিক ক্লাসিক ফ্যাশনের উদ্যোগে এবং বোয়েসেলের ব্যবস্থাপনায় সম্পূর্ণ সরকারি খরচে জয়পুরহাট জেলার ৭৮ জন নারী কর্মীর মধ্যে ৬৮ জনকে অন-স্পট নির্বাচিত করা হয়েছে। তারা গার্মেন্টস অপারেটরসহ বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন।
এদের মধ্যে ১৩ জন ইতোমধ্যে মেডিকেল সম্পন্ন করেছেন এবং তারা কয়েক দিনের মধ্যেই জর্ডানে রওনা হবেন। বাকি ৫৫ জন জয়পুরহাট ও ঢাকার টিটিসিতে ক্লাসিক ফ্যাশন, জর্ডানের অর্থায়নে স্কিল ট্রেনিং গ্রহণ শেষে পর্যায়ক্রমে জর্ডানে পাঠানো হবে।
সভায় টিটিসি অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, এখন থেকে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিতভাবে স্পট রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে, যা জেলার নারীদের বিদেশে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেবে।
পড়ুন : জয়পুরহাটে নার্সিং শিক্ষার্থীদের পুষ্টিবিদ্যা বিষয়ক খাদ্য ও পুষ্টি মেলা অনুষ্ঠিত


