রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর ‘ময়লার মোড়’ এলাকায় অবস্থিত অবৈধ জুয়ার ‘লিবার্টি ক্লাবে’ ৫ ঘণ্টার দীর্ঘ অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
আজ ১৪ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ জুয়ার ক্লাব ও মদের বার থেকে প্রায় ৪০০ লিটার বিভিন্ন ব্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারের তথ্য বা সার্বিক ঘটনা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
অভিযান শেষে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের অসংখ্য কার্টন র্যাবের গাড়িতে তুলতে দেখা যায়। তবে ক্লাবের ভেতরে কতজন আটক বা গ্রেপ্তার হয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযানের খবর পেয়ে বিকেল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা ভেতরে ঢুকে পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করলেও র্যাব সদস্যরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি।
অভিযান শেষে র্যাব-১ এর কমান্ডার সহিদুল ইসলামকে সাংবাদিকরা ঘিরে ধরলে এবং গোপনীয়তার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “আপনাদের সব কিছু প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।”
”এই অভিযান নিয়ে আপনাদের এতো লুকোচুরি কেন?” জানতে চাইলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি এই র্যাব কর্মকর্তা। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে প্রবেশে বাধা দেওয়া এবং তাৎক্ষণিক তথ্য না দেওয়ায় অভিযানটির স্বচ্ছতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত সংবাদকর্মীসহ স্থানীয় লোকজন।
পড়ুন : শাহজালাল বিমানবন্দরে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ জব্দ


