চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি আধুনিক কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
বুধবার (২২ এপ্রিল) সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তিনি বলেন, “কারিগরি শিক্ষা হচ্ছে হাতেকলমে শিক্ষা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পটিয়া উপজেলায় একটি কারিগরি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।” তিনি আরও উল্লেখ করেন, সাবেক মহকুমা হিসেবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি কারিগরি প্রতিষ্ঠানের অভাব রয়েছে।
এমপি এনাম বলেন, পটিয়ার বিপুলসংখ্যক শিক্ষার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছে না। একটি আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবে।
তিনি এ বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, পটিয়ায় একটি কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং তরুণ প্রজন্ম দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
পড়ুন- ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে


