বিজ্ঞাপন

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ

কোল মিল ভেঙ্গে যাওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বুধবার দিবাগত রাত ১০ টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ৪টি কোল মিলের মধ্যে ২টি কোলমিল ভেঙ্গে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। চালু থাকা একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলো।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

তিনি জানান, প্রথম ইউনিটের ৪টি কোলমিলের মধ্যে ২টি কোলমিল ভেঙ্গে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পাথর মিশ্রিত কয়লার কারণে এই ঘটনা ঘটতে পারে। এই ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।

তবে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে চালু হবে ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিট। আর দ্বিতীয় ইউনিটটি চালু করতে চীনা কোম্পানীর সাথে মন্ত্রণালয়ের আলোচনা চলছে। এই ইউনিট চালু করার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। খুব দ্রুতই দ্বিতীয় ইউনিট চালুর ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত আসবে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন