পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের পক্ষ থেকে রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রাঙ্গাবালী হালিমা খাতুন মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল।
পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের তীব্র গরমে স্বস্তি দিতে বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবীরা কেন্দ্রের বাইরে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের হাতে পানি পৌঁছে দেন।
উদ্যোক্তারা জানান, এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও কলম বিতরণ করা হয়েছিল। পরীক্ষার পুরো সময়জুড়ে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ছাত্রনেতা ইভান হাওলাদার বলেন, তীব্র গরমের মধ্যে পরীক্ষার্থীরা যেন কষ্ট না পায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই।
স্থানীয় অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের উৎসাহ জোগায় এবং ইতিবাচক বার্তা দেয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

