ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার তদন্তে সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হিসেবে রয়েছেন আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর ড. মোসাদ্দেক খান।
কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি, তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।
পড়ুন: লেবানন–ইসরায়েল যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল
আর/


