গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদে জোরালো আলোচনার পাশাপাশি রাজপথে আন্দোলনে নেমেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ নিয়ে সামনে আসছে কঠোর আন্দোলন, কাল ঢাকায় জামায়াতের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
নতুন কর্মসূচি অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ এপ্রিল বিভাগীয় শহরগুলোতে এবং ২ মে জেলা শহরগুলোতে গণমিছিলের ডাক দেওয়া হয়েছে। একই সময়ে বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে সেমিনার এবং লিফলেট বিতরণ চলবে। এর মধ্যেই ঢাকায় পরপর দুই দিন দুটি বড় মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিস।
এর আগে ১৬ এপ্রিল এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন যে, আন্দোলন দমনের চেষ্টা করা হলে তার ফল শুভ হবে না। ১১ দলীয় জোটের সূত্রমতে, ২ মের পরবর্তী আন্দোলনের প্রাথমিক রূপরেখা ইতোমধ্যে তৈরি করা হয়েছে, যা আগামী ৩০ এপ্রিলের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় ‘জাতীয় সমাবেশ’-এর ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। জুলাই বিপ্লবের আট শতাধিক শহীদ পরিবার, আহত সদস্য এবং হাজারো ‘জুলাই যোদ্ধা’র উপস্থিতিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদেরও আমন্ত্রিত অতিথি হিসেবে রাখা হয়েছে, যাতে সমাবেশটি একটি সর্বদলীয় রূপ পায়।
একই দিনে রাজধানী বাদে দেশের সকল মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ জনজীবনের নানামুখী সমস্যা সমাধানের দাবিতেই আমাদের এই আন্দোলন।’
তিনি আরও উল্লেখ করেন, দেশ এক গভীর সংকটকাল অতিক্রম করছে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ের মাধ্যমে নাগরিকরা যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে রাজপথে নেমে জনগণের দাবি আদায়ে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।


