এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য, সফল নারী উদ্যোক্তা ও মোহাম্মদী গ্রুপের চেয়ারপার্সন ড. রুবানা হককে নিয়ে একটি ভুয়া ভিডিও ‘কার্লোস রেবেইরো’ নামের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। গতকাল থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এ ভিডিওর সঙ্গে রুবানা হকের কোনোরকম সম্পর্ক নেই বলে জানা গেছে।
জানা গেছে, টিভি চ্যানেল এটিএন বাংলার সংবাদ বুলেটিন ব্যবহার করে সেখানে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওটিতে দাবি করা হয়েছে, ড. রুবানা হক ফ্লোভেন্ট্রা নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যেখানে মানুষ বিনিয়োগ করলে অবিশ্বাস্য রকমের লাভ পাবে। সেখানে এমনভাবে কথাগুলো উপস্থাপন করা হয়েছে যে দেখলে বোঝারই উপায় নেই এটা ডীপফেক একটি ভিডিও। তবে খুব ভালোভাবে খেয়াল করলে অস্বাভাবিকতা চোখে পড়বে। এই ভিডিওর নিচে একটি লিংক দিয়ে সেখানে গিয়ে আগ্রহীদেরকে বিনিয়োগের আহ্বান জানানো হয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা গেছে, এটি সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের জন্য অর্থসংক্রান্ত ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কেউ এমন ভুয়া ভিডিওর কথাগুলো বিশ্বাস করে আর্থিক লেনদেন করলে নিশ্চিতভাবেই প্রতারিত হবেন।
এটিএন বাংলা সংবাদের নামে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটির সাথে এটিএন বাংলার কোন সম্পর্ক নেই বলেও নিশ্চিত করেছে টেলিভিশনটির দায়িত্বশীল কর্মকর্তারা।
এ প্রসঙ্গে ড. রুবানা হক জানিয়েছেন, ভিডিও ক্লিপটিতে উল্লেখিত ফ্লোভেন্ট্রা নামক প্ল্যাটফর্মটির সাথে তার কিংবা মোহাম্মদী গ্রুপের কোনো ধরণের সম্পর্ক নেই। তার নামে প্রচারিত এমন ভিডিও বার্তা দেখে কাউকে প্রতারিত না হওয়ার ব্যাপারে তিনি সবাইকে সতর্ক করেন।
এমন অপপ্রচার রুখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় এই ভিডিও তৈরি ও প্রচারের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করার প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সাথে, এই অপকর্মের মূল হোতার সন্ধান পাওয়া গেলে, আইনশৃংখলা বাহিনীর কাছে জানানোর অনুরোধ করা যাচ্ছে।
পড়ুন : বাংলাদেশে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে হাম পরিস্থিতি


