দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের চালু হলো ইরানের আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৫ এপ্রিল) থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কিছু আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে যুদ্ধ বন্ধ রয়েছে।
দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসে। আলোচনা ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফা আলোচনার আয়োজনের প্রচেষ্টা চলছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মুহূর্তে ইসলামাবাদে রয়েছেন এবং মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে ইরানের বেশ কিছু বিমানবন্দরে আভ্যন্তরীণ ফ্লাইট চালু হয়েছে। আজ থেকে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান থেকে প্রথম ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে।
পড়ুন : রাতের মধ্যেই পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী


