আইসিসির পরিচালক পদে এখনও বহাল আমিনুল ইসলাম বুলবুলের নাম। এ রিপোর্ট তৈরির সময়ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে পরিচালকের তালিকায় রয়েছেন বিসিবির সদ্য বিলুপ্ত কমিটির এই সভাপতি।
সাধারণভাবে পূর্ণ সদস্য দেশগুলোর মনোনীত প্রতিনিধিই আইসিসির পরিচালক হন। তারাই আইসিসিতে দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করেন। সে হিসেবে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের পক্ষে আইসিসির পরিচালক ছিলেন।
গত ৬ এপ্রিল তদন্ত কমিটির রিপোর্টের ওপর নির্ভর করে নির্বাচনে অনিয়ম খুজে পাওয়ার কথা জানিয়ে বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ। একইসংগে তামিম ইকবালের নেতৃত্বে ৯০ দিনের সময় দিয়ে গঠন করে দেয়া হয় ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি।
এডহক কমিটি দায়িত্ব নেয়ার দিনই জানানো হয়েছিলো আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এডহক কমিটি প্রধান তামিম ইকবাল সঙ্গে থাকবেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী। গণমাধ্যমকে এমন তথ্যই জানানো হয়েছিলো।
তবে পরিচালক হিসেবে আইসিসির ওয়েবসাইটে এখনও আমিনুল ইসলাম বুলবুলের নাম থাকায় প্রশ্ন উঠছে, তবে কি এখনও তামিম ইকবালের এডহক কমিটিকে গ্রহণ করেনি আইসিসি? এ বিষয়ে জানতে আইসিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলমান রয়েছে।
প্রসংগত, এর আগে পরিচালনা পর্ষদ বিলুপ্ত করার পর, এক বিবৃতিতে নিজেকে বৈধ পরিচালক দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দিয়েছিলেন আইনি পদক্ষেপ নেয়ার ইংগিতও। যদিও সে পথে এখনও পা বাড়াননি তিনি বা তার বোর্ডের পরিচালকরা।
তবে এখনও আইসিসির পরিচালক হিসেবে বুলবুলের নাম থাকায় নতুন কিছুর ইঙ্গিত দেখছেন বুলবুলের বোর্ডে থাকা পরিচালকরা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সাবেক এক পরিচালক জানিয়েছেন, তারা আইসিসির তরফে এ ঘটনায় পদক্ষেপ নেয়ার আশা ছাড়েননি। যদিও এখনও আইসিসি বাংলাদেশের বোর্ডে এ পরিবর্তন নিয়ে প্রকাশ্যে কোন বিবৃতি বা অবস্থান নেয়নি।
পড়ুন : ১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ


