গোপালগঞ্জে পিঠা গার্ডেন নামক একটি রেস্টুরেন্ট বর্তমানে অনৈতিক কর্মকান্ড ও মাদকের আখড়ায় পরিনত হয়েছে। এমন অভিযোগ তুলে অনেকেই প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছে। যদিও সব অভিযোগ নিজেই স্বীকার করেছে খোদ রেস্টুরেন্টের মালিক ফারুক হোসেন।
জানা গেছে, শহরের পাথালিয়া এলাকার ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন রেস্টুরেন্ট। সুসজ্জিত এই রেস্টুরেন্টটিতে খাবারের পাশাপাশি আবাসিক ব্যবস্থাও রয়েছে। তবে বেশকিছু দিন ধরে অভিযোগ রয়েছে এখানে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে প্রতিনিয়ত মাদক সেবন ও দেহ ব্যবসা চলছে। এসব নিয়ে প্রকাশ্যে ও সামাজিক যোগাযোগমাধ্যম অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ মানুষ।
বিষয়টি নিয়ে অনুসন্ধানে গিয়ে জানা যায়, এখানে রেস্টুরেন্ট ব্যবসার পাশ থাকলেও মুল ভবনে কয়েকটি রুম নিয়ে আবাসিক ব্যবসা পরিচালনা করছে কর্তৃপক্ষ। যা সম্পুর্ন বেআইনি। তবে বেশকিছু দিন ধরে এখানে বিভিন্ন স্থান থেকে আসা নারীদের দিয়ে চলছে দেহ ব্যবসা। পাশাপাশি এখানে চলে মাদক সেবনও। এখানে আসা অনেকেই অপ্রাপ্তবয়স্ক ও কিশোর। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে যুবসমাজ অন্যদিকে হচ্ছে সামাজিক অবক্ষয়।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবুজ নামে এক যুবক বলেন, পিঠা গার্ডেনে প্রতিনিয়ত বাহির থেকে নারী এনে দেহ ব্যবসা চলছে, পাশাপাশি মাদক ব্যবসা ও সেবন চলছে। যা আমাদের যুব সমাজকে নষ্ট করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করবো এখানে চলা অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবন বন্ধ হোক। যুব সমাজ এদের হাত থেকে রক্ষা পাক।
নিলয় সিকদার নামে এক যুবক বলেন, তাদের রেস্টুরেন্ট ব্যবসার পাশ থাকলেও তারা বেআইনি ভাবে আবাসিক ব্যবসা পরিচালনা করছে। এখানে রুমে নারীদের এনে দেহব্যবসা চালানো হয়। এছাড়াও মাদক সেবনের জন্য নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে মাদকসেবীরা। আর এটা পরিচালনা করছে খোদ রেস্টুরেন্ট কতৃপক্ষ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রেস্টুরেন্টের সকল অনৈতিক কর্মকান্ডে ও মাদক সেবন বন্ধ করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুক।
অভিযোগের বিষয়টি স্বীকার করে রেস্টুরেন্টেের মালিক ফারুক বলেন, আমরাতো কাউকে জোর করে আনি না। তারা এসে আমাদের উল্টো জোর করে। আমাদের এটা রেস্টুরেন্ট ব্যবসা। কেউ যদি এসে এইগুলো করতে চায় আমরা তো বারণ করতে পারি না।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর এই রেস্টুরেন্টে নারী নিয়ে রাত্রিযাপনেরকালে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে ফেরদৌস শেখ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছিল। ঘটনার পরদিন ওই যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।


