ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে রাতের আঁধারে বিভিন্ন জাতের চারাগাছ নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ও রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার বাসিন্দা সাহিদুল ইসলাম উল্লেখ করেন, পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে তিনি লোক নিয়োগ করে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছেন। তবে এলাকায় স্থায়ীভাবে বসবাস না করার সুযোগে এক প্রতিবেশী তার জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
সাহিদুল ইসলামের দাবি, জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গত দুই রাতে তার জমিতে রোপণ করা আম, সুপারি, বেগুনসহ বিভিন্ন জাতের প্রায় ৩০ থেকে ৪০টি চারাগাছ ভেঙে নষ্ট করে ফেলা হয়েছে। এতে তার আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষিকাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও ওই ব্যক্তি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তি আলোচনায় বসতে রাজি হননি। বরং গাছ নষ্ট করার পাশাপাশি জমিতে কাজ করা শ্রমিকদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, গাছ নষ্ট করার ঘটনায় এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন-১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই হবেন নারী : প্রধানমন্ত্রী
দেখুন- বাংলাদেশে মিডিয়া কমিশন গঠনে সহযোগিতা দিবে মার্কিন যুক্তরাষ্ট্র


