জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ হ্যাপি ডেইজ–এর অভিনেত্রী এরিন মোরান আর নেই। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ইন্দিয়ানা অঙ্গরাজ্যের নিজ বাড়িতে ৫৬ বছর বয়সী এই অভিনেত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়। হ্যারিসন কাউন্টি শেরিফ বিভাগ ও করোনারের অফিসের যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, এরিন মোরান স্টেজ ফোর ক্যানসারে আক্রান্ত ছিলেন। তবে ঠিক কোন ধরনের ক্যানসার ছিল, তা স্পষ্ট করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি নিভৃতে এই মরণব্যাধির সঙ্গে লড়াই করছিলেন।
যদিও টক্সিকোলজি রিপোর্ট এখনো প্রকাশ হয়নি, তবে তার বাসা থেকে কোনো অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়নি। জরুরি সেবায় কল পেয়ে প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, ‘হ্যাপি ডেইজ’ ছাড়াও এর স্পিন-অফ সিরিজ ‘জোনি লাভস চ্যাচি’–তে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এরিন মোরান। তার প্রাণবন্ত অভিনয় তাকে দর্শকদের কাছে প্রিয় মুখে পরিণত করেছিল।
তার মৃত্যুতে সহ-অভিনেতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে, তার এই নিঃশব্দ বিদায় হলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সূত্র: এবিসি নিউজ
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

