ইতালির বারগামোতে ট্রেনের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল ) বারগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আকস্মিক এই দুর্ঘটনায় তার পরিবারে শোকের সৃষ্টি হয়েছে।
নিহত শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বারগামো এলাকায় বসবাস করছিলেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে সেখানে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন অকাল মৃত্যুতে তার পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
তার ভাতিজা সাইফুল ইসলাম জানান, আমার কাকা শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালিতে প্রবাস জীবনে ছিলেন,কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনে কাটা পরে মারা যান তিনি। বর্তমানে ইতালির একটি হাসপাতালের মর্গে তার লাশ রাখা আছে। তার লাশ ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই তরুণের


