প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময়, তিনি আশ্বস্ত করেন যে, খুব শিগগিরই জ্বালানি সংক্রান্ত সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে।
উপদেষ্টা আরও জানান, বর্তমানে মজুত থাকা ডিজেলের পাশাপাশি, ৩০ এপ্রিলের মধ্যেই আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। এর ফলে, জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন আর দেখা যাচ্ছে না, যা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত দেয়। খুব শিগগিরই জ্বালানি সংকট পুরোপুরি কেটে যাবে।
এছাড়া, গণমাধ্যমে ভুল তথ্য বা অপপ্রচার রোধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। উপদেষ্টা জাহেদ বলেন, সরকার কোনোভাবেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার সহ্য করবে না। সংবাদপত্রের স্বাধীনতা ও যৌক্তিক সমালোচনার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম আরও বেশি যৌক্তিক সমালোচনা করুক, তবে কোনো ধরনের অপতথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। সংবাদকর্মীদের তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।
পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
আর/


